সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০৪:৫৪ পিএম

বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের সপ্তম এবং শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিতব্য এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়েছে নিগার সুলতানার দল। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পর টস অনুষ্ঠিত হয়। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও এরপর টানা পাঁচ ম্যাচ হেরে আগেই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে টাইগ্রেসদের।

ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং সর্বশেষ শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের সংগ্রহ ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। আট দলের টুর্নামেন্টে টেবিলের একেবারে তলানিতে থেকেই আজ ভারতের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত করা ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের জন্য কেবলই নিয়মরক্ষার ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আজ একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ ব্যাটার ফারজানা হকের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সুমাইয়া আকতার।

অন্যদিকে, ভারত ৬ ম্যাচ খেলে তিনটি জয় ও তিনটিতে হেরে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ওয়ানডে ক্রিকেটে এর আগে বাংলাদেশ ও ভারত নারী দল আটবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারতের জয় ৬টিতে, বাংলাদেশের ১টিতে এবং একটি ম্যাচ টাই হয়েছিল।বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক), রুবাইয়া হায়দার, সুমাইয়া আকতার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নিশিতা আকতার নিশি, নাহিদা আকতার ও মারুফা আকতার।