সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএলে ফরচুন বরিশাল থাকছে কি না, জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ১১:০৬ এএম

বিপিএলে ফরচুন বরিশাল থাকছে কি না, জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সংকট আরও ঘনীভূত হচ্ছে। টুর্নামেন্টের অন্যতম সফল এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল পরবর্তী আসরে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। দলটির মালিকপক্ষ পরিষ্কারভাবে জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে তাদের পক্ষে বিপিএলে থাকা সম্ভব হচ্ছে না।

বিপিএলের পরবর্তী আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করার শেষ সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত। তবে সোমবার (২৭ অক্টোবর) পর্যন্ত মাত্র দুটি কোম্পানি ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখিয়েছে। এসএস গ্রুপ 'কুমিল্লা ফাইটার্স' নামে এবং রিমার্ক হারল্যান 'ঢাকা ক্যাপিটালস'-এর জন্য আবেদন জমা দিয়েছে। রাজশাহী দল নিতে একটি প্রতিষ্ঠান আবেদন করলেও প্রয়োজনীয় পে অর্ডার জমা না দেওয়ায় তা গৃহীত হয়নি। এমন পরিস্থিতিতে বরিশালের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের জন্য বড় একটি ধাক্কা।

এর আগেও ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান টুর্নামেন্টের সময়সূচি নিয়ে আপত্তি জানিয়েছিলেন। ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, বরিশাল কর্তৃপক্ষ আসন্ন আসরের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় টুর্নামেন্টের সময়সূচি পুনর্মূল্যায়নের জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলকে অনুরোধ করেছিল।

বরিশাল ফ্র্যাঞ্চাইজি মনে করছে, এত অল্প সময়ের মধ্যে দল গঠন, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নিশ্চিতকরণ এবং অন্যান্য লজিস্টিক বিষয়গুলো সম্পন্ন করা অত্যন্ত জটিল। এ কারণেই তারা টুর্নামেন্টটি আরও পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল, যাতে দলগুলো যথাযথ প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারে।

সেই সময় বরিশালের মালিক মিজানুর রহমান বলেছিলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকেও, তবুও অর্থসংস্থান, প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা—এই সবকিছু করতে হবে। এই এক থেকে দেড় মাসে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও তা সম্ভব নয়। আমি আলাদা একটি স্লট চেয়েছি। যদি সময়টা পরিবর্তন করা হয়, তাহলে আমরা খেলব। কারণ আমরা সবসময় খেলাধুলার সাথেই ছিলাম এবং এখনো আছি।’

তবে সময়সূচিতে কোনো পরিবর্তন না আসায় এবং প্রস্তুতির জন্য বাড়তি সময় না পাওয়ায় ফরচুন বরিশাল শেষ পর্যন্ত বিপিএল থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল।