অক্টোবর ২৯, ২০২৫, ০৯:৫৩ এএম
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে মোট দশটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। তবে টুর্নামেন্টের অন্যতম সফল দল ফরচুন বরিশাল এবার অংশ নিচ্ছে না, তারা দল পাওয়ার জন্য আবেদনই করেনি। মঙ্গলবার (২৮ অক্টোবর) ছিল ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করার শেষ দিন। এদিন সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
বিসিবি আসন্ন আসরের জন্য সম্ভাব্য দশটি ফ্র্যাঞ্চাইজি অঞ্চল নির্ধারণ করেছে। এগুলো হলো – বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। ইফতেখার রহমান মিঠু জানান, এই দশ অঞ্চলের বিপরীতে দশটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তবে বিসিবি কমপক্ষে পাঁচটি দল নিয়ে হলেও বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে।
গত আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স (বসুন্ধরা গ্রুপের অধীনে), খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংস (চিটাগং কিংস) এবারও দল নিতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছে। ঢাকার ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে দুটি প্রতিষ্ঠান – ওয়ালটন ও রিমার্ক হারল্যান আবেদন জমা দিয়েছে, যারা গতবার ঢাকা ডমিনেটর্স নামে খেলেছিল, এবার নাম হতে পারে ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রামের মালিকানার জন্য আবেদন করেছে এসকিউ স্পোর্টস নামের একটি প্রতিষ্ঠান।
ফরচুন বরিশাল না থাকলেও বরিশাল অঞ্চল থেকে দল নিতে আগ্রহ দেখিয়েছে আকাশবাড়ী হলিডেজ নামের একটি প্রতিষ্ঠান। রাজশাহী অঞ্চলের জন্য দুটি আবেদন জমা পড়েছে – দেশ ট্রাভেলস এবং নাবিল গ্রুপ। সিলেট অঞ্চলের জন্য ‘সিলেট স্ট্রাইকার্স’ নামে দল নিতে জগলু অ্যান্ড ক্রিকেট উইথ সামি নামের একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। কুমিল্লা অঞ্চলের জন্য আবেদন করেছে এসএস গ্রুপ, তারা ‘কুমিল্লা ফাইটার্স’ নামে দল আনতে চায়।
এছাড়া নতুন অঞ্চল হিসেবে নোয়াখালী থেকে বাংলা মার্ক নামের একটি প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ দেখিয়েছে।বিপিএল গভর্নিং কাউন্সিল এখন প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি তালিকা প্রকাশ করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন