সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আফ্রিদির বিব্রতকর রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ১০:৫২ এএম

আফ্রিদির বিব্রতকর রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হলো না পাকিস্তানের। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। তবে দলের হারের চেয়েও বেশি আলোচিত হচ্ছে তারকা ব্যাটার বাবর আজমের এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড।

প্রায় এক বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেই বাবর আজম এমন এক রেকর্ডে নাম লেখালেন, যা তিনি কখনোই চাইবেন না। এই ম্যাচে শূন্য রানে আউট হয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির এক বিব্রতকর রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। প্রোটিয়া পেসার করবিন বোশের করা ইনিংসের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন বাবর আজম। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাবরের অষ্টম ‘ডাক’ বা শূন্য রানে আউট হওয়ার ঘটনা।

এই শূন্যের মাধ্যমে বাবর আজম পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যকবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে শহীদ আফ্রিদির পাশে বসেছেন। পাকিস্তানের ইতিহাসে তারা দুজন এখন যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ডাক মারা ব্যাটার।

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক:

  1. উমর আকমল – ১০ বার

  2. সাইম আয়ুব – ৯ বার

  3. বাবর আজম – ৮ বার

  4. শহীদ আফ্রিদি – ৮ বার

  5. কামরান আকমল – ৭ বার

  6. মোহাম্মদ হাফিজ – ৭ বার

ব্যাট হাতে ব্যর্থতার দিনে পাকিস্তান দলগতভাবেও ভালো করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের জবাবে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বড় ব্যবধানে ম্যাচ হারে।