সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ১১:৪৮ এএম

অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারের হতাশাজনক বৃত্ত থেকে অবশেষে বেরিয়ে জয়ের দেখা পেলো লিভারপুল। শনিবার (০১ নভেম্বর) রাতে ঘরের মাঠ এনফিল্ডে বর্তমান চ্যাম্পিয়নরা অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে পরাজিত করেছে। দলের এই গুরুত্বপূর্ণ জয়ে একটি করে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও রায়ান গ্র্যাভেনবার্চ।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে লিভারপুল। তবে গোলের জন্য তাদের প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। বিরতির ঠিক আগে, প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+ মিনিট) ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।এই গোলটি ছিল লিভারপুলের জার্সিতে এই মিসরীয় ফরোয়ার্ডের ২৫০তম গোল। এর মাধ্যমে তিনি ইয়ান রাশ (৩৪৬) ও রজার হান্টের (২৮৫) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ক্লাবের হয়ে আড়াইশ গোলের অভিজাত মাইলফলক স্পর্শ করলেন।

দ্বিতীয়ার্ধে ফিরে এসে লিভারপুল তাদের চাপ অব্যাহত রাখে। ম্যাচের ৫৮ মিনিটে রায়ান গ্র্যাভেনবার্চের একটি দারুণ শট ভিলার জালে জড়ালে স্কোরলাইন ২-০ হয়। বাকি সময় আর কোনো গোল না হলেও, চার ম্যাচের হতাশা কাটিয়ে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে কোচ আর্নে স্লটের দল।

ম্যাচের পর সালাহর প্রশংসায় লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘এক ক্লাবের হয়ে ২৫০ গোল করা অবিশ্বাস্য। আজ সে শুধু আক্রমণেই নয়, রক্ষণেও দারুণ খেলেছে।’জয়ে ফিরে উচ্ছ্বসিত সালাহ নিজেও। তিনি বলেন, ‘জয়টা খুব দরকার ছিল। আমরা কিছু ম্যাচ হেরেছি। এখন আবার জয়ের পথে ফিরেছি। লিভারপুলের মতো ক্লাবের হয়ে ২৫০ গোল করা সত্যিই গর্বের।’

এই জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল, যদিও শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা এখনও সাত পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে, ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে নেমে গেছে অ্যাস্টন ভিলা। আগামী মঙ্গলবার (০৪ নভেম্বর) লিভারপুল চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।