সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হলান্ডের জোড়া গোলে জয়ে ফিরল ম্যানসিটি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ০৯:৪০ এএম

হলান্ডের জোড়া গোলে জয়ে ফিরল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি। দলের গোলমেশিন আর্লিং হলান্ডও ফিরলেন চেনা ছন্দে। নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের প্রথমার্ধের জোড়া গোলে ভর করে ম্যানসিটি ৩-১ ব্যবধানে বোর্নমাউথকে হারিয়েছে। এই জয়ে পেপ গার্দিওলার দল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

অ্যাস্টন ভিলার বিপক্ষে গোলশূন্য থাকার কারণে কিছুটা সমালোচনায় ছিলেন হলান্ড। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে যেন সেই সমালোচনার জবাব দিতেই মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচের ১৭ মিনিটেই সিটিকে এগিয়ে দেন হলান্ড। দলের নতুন তারকা রায়ান চেরকির মাথা ছুঁয়ে আসা একটি বল পেয়ে দারুণ নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান তিনি।

তবে লিড ধরে রাখতে পারেনি সিটি। আট মিনিট পরেই (২৫ মিনিটে) সমতায় ফেরে বোর্নমাউথ। একটি কর্নার থেকে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার ভুল পাঞ্চের সুযোগ নেন টাইলার অ্যাডামস। তার জোরালো শট সিটির জালে জড়িয়ে যায়। এটি যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডারের ইংলিশ ফুটবলে প্রথম গোল।

সমতায় ফেরার পর ম্যানসিটি আবারও আক্রমণে মনোযোগ দেয়। ৩৫তম মিনিটে আবার হলান্ড ম্যাজিক। রায়ান চেরকির সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় বোর্নমাউথ গোলরক্ষক ডর্ডে পেত্রোভিচকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন হলান্ড। এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ১৩টি। ক্লাব ও দেশের হয়ে এই মৌসুমে তার মোট গোল ২৬টি।

দ্বিতীয়ার্ধে হলান্ডের সামনে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগও এসেছিল, কিন্তু তার নেওয়া চিপ শটটি দারুণ দক্ষতায় সেভ করেন পেত্রোভিচ। বোর্নমাউথের কিশোর ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপিও ভালো সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হন। উল্টো ৬০ মিনিটে ব্যবধান বাড়ায় ম্যানসিটি। নিকো ও'রেইলি দুর্দান্ত এক দৌড়ে ডান পায়ের নিচু শটে গোল করে দলের জয় (৩-১) নিশ্চিত করেন।এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল ম্যানসিটি (৬ পয়েন্ট পেছনে)। অন্যদিকে বোর্নমাউথ এই হারে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে।