নভেম্বর ৪, ২০২৫, ০৯:৪৩ এএম
ইউরোপ সেরার লড়াইয়ে আজ এক হাইভোল্টেজ রাত অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। একই রাতে মাঠে নামছে টুর্নামেন্টের সবচেয়ে বড় ও সফল দলগুলোর কয়েকটি। লা লিগায় উড়তে থাকা রিয়াল মাদ্রিদ যেমন মাঠে নামছে, তেমনি মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুল ও টটেনহাম এবং ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত ২টায়। রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত ফর্মে আছে এবং লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। চ্যাম্পিয়নস লিগেও তাদের ফর্ম অটুট; গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে তারা অপরাজিত আছে। তাই লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে মানসিকভাবে চাঙা হয়েই মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পেরা।
অন্যদিকে, লিভারপুলের অবস্থা ঠিক উল্টো। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারের পর সবশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে তারা। এই জয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরলেও রিয়ালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের কঠিন পরীক্ষাই দিতে হবে।
আরেকটি জমজমাট লড়াই অপেক্ষা করছে ফরাসি জায়ান্ট পিএসজি ও বায়ার্ন মিউনিখের ম্যাচে। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাত ২টায়। উভয় দলই তাদের নিজ নিজ ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে। চ্যাম্পিয়নস লিগেও পিএসজি ও বায়ার্ন টানা তিন জয়ে অপরাজিত। গোল ব্যবধানে পিএসজি এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে আছে, বায়ার্ন আছে দুইয়ে। দুই শীর্ষ দলের এই লড়াইয়ে যে জিতবে, সেই গ্রুপ সেরা হিসেবে অনেকটাই এগিয়ে যাবে।
এছাড়াও একই সময়ে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তাদের প্রতিপক্ষ সেন্ট গিলোইস। ডিয়েগো সিমিওনের দল লা লিগায় মোটামুটি ভালো অবস্থানে থাকলেও চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচের দুটিতেই হেরে বেশ চাপে আছে। তাদের সামনে জয়ের ধারায় ফেরার সুযোগ। অন্যান্য ম্যাচে জুভেন্টাস মুখোমুখি হবে স্পোর্টিং সিপির, বোদো লড়বে মোনাকোর বিপক্ষে এবং টটেনহামের প্রতিপক্ষ কোপেনহেগেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন