নভেম্বর ১৮, ২০২৫, ০৯:৫৬ এএম
অবশেষে রাজধানীতেও শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। মঙ্গলবার ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে নেমে আসায় নগরবাসী শীতের একটি স্পষ্ট অনুভূতি পেয়েছে। ঋতু পরিবর্তনের এই সময়ে ভোরের বাতাসে ছিল শীতলতার ছোঁয়া।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (১৮ নভেম্বর) সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৮ শতাংশ।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই পতন এবং বাতাসে কম আর্দ্রতার কারণেই মূলত শীতের অনুভূতি বাড়ছে।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।এদিকে, শুধু ঢাকা নয়, সারা দেশের আবহাওয়ার চিত্রও প্রায় একই রকম। আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিশেষ করে নদী অববাহিকা ও গ্রামীণ এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েকদিন সারা দেশেই রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ, শীতের আমেজ থাকলেও এখনই তীব্র শীত জেঁকে বসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে হেমন্তের শেষে অগ্রহায়ণের এই সময়ে তাপমাত্রার এমন পতনকে শীতের আগমনী বার্তা হিসেবেই দেখছেন আবহাওয়াবিদরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন