নভেম্বর ২৩, ২০২৫, ০৫:৪১ পিএম
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। রোববার (২৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি এই পূর্বাভাস দিয়েছে। বঙ্গোপসাগরের বুকে একটি দুর্বল নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করায় এই শঙ্কা তৈরি হয়েছে।
ওড়িশাটিভির তথ্যমতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে ইতোমধ্যে 'সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে' রূপ নিয়েছে। এটি সোমবার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে।
বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগিয়ে আসছে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি কোনদিকে যাবে এবং কোথায় আঘাত হানবে, সেটি এখনো নিশ্চিত নয়।
ধারণা করা হচ্ছে, দুর্বল নিম্নচাপটি ২৫ নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি ঘনীভূত হবে।ভারতীয় আবহাওয়াবিদ সন্দীপ পট্টনায়ক বলেন, মালাক্কা প্রণালি এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনুকূল পরিস্থিতির কারণে দুর্বল নিম্নচাপটি ম্যাডেন-জুলিয়ান অসিলেশন পর্যায় অতিক্রম করে আরও শক্তি অর্জন করতে পারে। তিনি মনে করছেন, প্রশান্ত মহাসাগর থেকে শক্তিশালী বাতাস প্রবেশ, সমুদ্রের বিস্তৃত জলরাশি এবং শীতল বাতাসের অনুপ্রবেশ না থাকার কারণে এটি আরও তীব্র হবে।
এই আবহাওয়া সিস্টেমটি ২১ নভেম্বর থেকে আগামী ২ বা ৩ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে, বিশেষ করে ২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এর তীব্রতা বৃদ্ধির সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে (বর্তমানে) দুর্বল নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে, অন্ধ্র প্রদেশ এবং ওড়িশা উপকূলের কাছাকাছি শক্তিশালী হয়ে উঠতে পারে।
এই সিস্টেমের প্রভাবে:
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটারে পৌঁছাতে পারে।
২৬ নভেম্বর: বাতাসের গতিবেগ বেড়ে ৬০-৭০, এমনকি ৮০ কিলোমিটারের বেশি হতে পারে।
২৭ নভেম্বর: বাতাসের গতিবেগ ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন