নভেম্বর ২৪, ২০২৫, ১০:৫৪ এএম
দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। সপ্তাহজুড়ে ১৪ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামার পর আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা নেমে আসে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
হিমেল বাতাস আর বাড়তি আর্দ্রতার কারণে সকালে কনকনে শীত অনুভূত হলেও দুপুরের রোদের উজ্জ্বলতায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, তেঁতুলিয়ায় অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে কারণ এ উপজেলাটির অবস্থান হিমালয় বিধৌত এলাকার কাছাকাছি।
তীব্র শীতের মাঝেও সকাল থেকে জীবিকার টানে কাজে ফিরেছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। ভ্যানচালক, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা জানান, রোদের আলো পাওয়ায় সকালবেলার কাজ কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। অন্যদিকে, বিভিন্ন পাড়া-মহল্লায় জমে উঠেছে মৌসুমী শীতবস্ত্রের বাজার, যেখানে কম্বল, সোয়েটার ও উলের গ্লাভস কিনতে ক্রেতাদের ভিড় বেড়েছে প্রায় দ্বিগুণ।তবে শীত বাড়ায় উদ্বেগজনকভাবে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। বিশেষ করে নিউমোনিয়া, হাঁপানি ও সর্দি-কাশির রোগী বেশি আসছেন।তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৯ টায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে, আগামী দুই-একদিন তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে দিনের বেলায় সূর্যের আলো স্বাভাবিক থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন