বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বঙ্গোপসাগরে লঘুচাপ, ট্রলারকে গভীর সাগরে যেতে মানা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ১২:৩৫ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ, ট্রলারকে গভীর সাগরে যেতে মানা

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি আরও একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আভাস দিয়েছে সংস্থাটি।

এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

লঘুচাপের অবস্থান: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আজ সকাল ৬টায়ও এটি একই এলাকায় অবস্থান করছিল এবং এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস: মালাক্কা প্রণালি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ পরিণত হয়ে আজ বুধবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।আবহাওয়া অধিদপ্তর এই দুটি সিস্টেমের কারণে সাগর উত্তাল থাকার সম্ভাবনায় জেলেদের নিরাপত্তার স্বার্থে কঠোর নির্দেশনা জারি করেছে। পরবর্তী কোনো আপডেট না আসা পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।