বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৪:১৫ পিএম

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়ার সিস্টেমগুলো আরও ঘনীভূত হচ্ছে। মালাক্কা প্রণালি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ইতোমধ্যে আরও ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল এবং এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ‘শেন-ইয়ার’, যার বাংলা অর্থ হলো 'সিংহ'।এই ঘূর্ণিঝড়টি যতই শক্তিশালী হোক না কেন, আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ‘শেন-ইয়ার’র বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই।

পাশাপাশি, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরও একটি লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই সিস্টেমটিও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই লঘুচাপটিও ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলাদেশের দিকে আসার আশঙ্কা নেই।বঙ্গোপসাগর বর্তমানে বিক্ষুব্ধ থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার জন্য সতর্ক করা হয়েছে।