শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে তিনদিন পর ঝলমলে রোদে জনমনে স্বস্তি ফিরে এসেছে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৮:৫২ পিএম

পঞ্চগড়ে তিনদিন পর ঝলমলে রোদে জনমনে স্বস্তি ফিরে এসেছে

টানা তিন দিন কুয়াশার চাদরে ঢাকা থাকার পর অবশেষে কাঙ্ক্ষিত সূর্যের দেখা মিলেছে হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই ঝলমলে রোদের উপস্থিতিতে হাড়কাঁপানো শীত থেকে কিছুটা মুক্তি পেয়েছে এই জনপদের মানুষ।

রোদের তীব্রতায় জনজীবনে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি এক ধাক্কায় বেড়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস।

অথচ মাত্র একদিন আগে গত মঙ্গলবার এই তাপমাত্রা ছিল মাত্র ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে রোদের কারণে দিনের তাপমাত্রা বেড়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

তবে বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ অপেক্ষার পর রোদ ওঠায় চরাঞ্চল ও গ্রামাঞ্চলের বৃদ্ধ এবং শিশুদের বাড়ির আঙিনায় রোদ পোহাতে দেখা গেছে। গত কয়েকদিনের বৃষ্টির মতো ঝরা কুয়াশায় ভেজা কাপড় শুকাতে ব্যস্ত হয়ে পড়েন গৃহিণীরা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, ভারী কুয়াশা কেটে যাওয়ায় সূর্যের দেখা মিলেছে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

তবে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় এখন থেকে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পঞ্চগড়সহ উত্তরের অধিকাংশ জেলায় সূর্যের দেখা পাওয়া যায়নি। এর সাথে উত্তর-পশ্চিমের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছিল। বুধবারের ঝলমলে রোদ সেই স্থবির জনজীবনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।