জানুয়ারি ৮, ২০২৬, ১০:২৮ এএম
পৌষের শেষলগ্নে ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল বাতাসে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। জেলাজুড়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকালে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং হিমেল বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫-৬ কিলোমিটার। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
জনজীবনে দুর্ভোগ ও কৃষিতে প্রভাব: বুধবার বিকেল থেকে শুরু হওয়া ঘন কুয়াশা রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকায় বৃহস্পতিবার সকালেও পথঘাট ছিল কুয়াশার চাদরে ঢাকা। দৃষ্টিসীমা কমে যাওয়ায় মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন। অনেক শ্রমিক ভোরে কাজে যোগ দিতে না পেরে বাড়িতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকরা জানিয়েছেন, কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে আলুর মড়ক ও মরিচ খেতে রোগবালাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বোরো ধানের বীজতলা কোল্ড ইনজুরির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে এবং শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন