জানুয়ারি ১৬, ২০২৬, ১০:০৮ এএম
উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরুতেই দাপট দেখাচ্ছে হাড়কাঁপানো শীত। টানা ১১ দিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে।
শুক্রবার সকাল ৬টা ও ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় থেকে আসা ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগের হিমেল বাতাসে শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
যদিও সকাল সাড়ে ৮টার দিকে সূর্যের দেখা মেলে, তবে কাঙ্ক্ষিত উত্তাপ না থাকায় কনকনে শীত অনুভূত হচ্ছে।এদিকে কুয়াশার কারণে বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে পথঘাট, ফলে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।
নিম্ন আয়ের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।তীব্র শীত ও কুয়াশার প্রভাবে কৃষিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। জেলার আলু ও মরিচ ক্ষেতে রোগবালাই বেড়ে গেছে এবং বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন