জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:৩৩ পিএম
আজ মাঘের ৩ তারিখ হলেও দেশজুড়ে শীতের তীব্রতা কমার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে চলতি জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে হাড়কাঁপানো শীত বা বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোনো এলাকার তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তবে কেবল একটি বিচ্ছিন্ন এলাকায় এমন তাপমাত্রা থাকলে আবহাওয়া অফিস তাকে আনুষ্ঠানিকভাবে শৈত্যপ্রবাহ ঘোষণা করে না।
আবহাওয়া অফিস জানায় গত শুক্রবার দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে এরপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৬ জানুয়ারি পর্যন্ত নতুন কোনো শৈত্যপ্রবাহ আসার তেমন কোনো লক্ষণ নেই। চলতি মাসের শেষ দিকে নতুন করে শীতের তীব্রতা বাড়বে কি না তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলছে না আবহাওয়া অধিদপ্তর।
তবে তাপমাত্রা বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকলে এ মাসে নতুন করে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। মাঘের এই সময়ে সাধারণত কড়া শীত অনুভূত হলেও এবার তার ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। ফলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও কৃষিকাজে কুয়াশার প্রভাব নিয়ে ভাবছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন