জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:০৬ পিএম
হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়ার পর আজ হঠাৎ করেই জনপদ ঢেকে গেছে ঘন কুয়াশার চাদরে। শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার সাথে কনকনে হিম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। আকস্মিক এই আবহাওয়া পরিবর্তনে বোরো বীজতলা ও আলু ক্ষেত নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েক দিন কড়া রোদের পর শনিবার ভোর থেকেই চারদিক কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। হেডলাইট জ্বালিয়ে সড়কে দূরপাল্লার যানবাহন এবং রেললাইনে ট্রেন চলাচল করতে দেখা গেছে।
চাষিদের সাথে কথা বলে জানা গেছে, কুয়াশা ও শীতের প্রকোপে বোরো ধানের চারা বিবর্ণ হতে শুরু করেছে। সদর উপজেলার শশরা ইউনিয়নের কৃষক মোকলেছুর রহমান জানান, শীতের হাত থেকে চারা বাঁচাতে অনেকেই বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন।
এছাড়া কনকনে শীতের কারণে চারা রোপণের জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়াও কঠিন হয়ে পড়েছে।একই উদ্বেগ প্রকাশ করেছেন বিরল উপজেলার কৃষক মতিউর রহমান। তিনি জানান, রোদ ওঠায় স্বস্তি ফিরলেও নতুন করে কুয়াশা পড়ায় আলু ক্ষেত নিয়ে তারা বিপাকে পড়েছেন।
এই পরিস্থিতি অব্যাহত থাকলে আলু ও বীজতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন