মে ৮, ২০২৬, ১০:২৭ এএম
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শুক্রবার সকালে শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল ৮টায় শহরটির বায়ুর মানসূচক (একিউআই) স্কোর ছিল ১৭৭। বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের লাইভ আপডেট থেকে এই তথ্য জানা গেছে।ঢাকার বর্তমান এই বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ১৫৬। তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর ১৫১।
একিউআই মানদণ্ড অনুযায়ী, স্কোর ১০১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকা শহর আজ অস্বাস্থ্যকর সীমার মধ্যেই অবস্থান করছে।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার এই চরম বায়ুদূষণের পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে। এগুলো হলো—ইটভাটার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া এবং বিভিন্ন এলাকায় চলা নির্মাণকাজের অনিয়ন্ত্রিত ধুলাবালু। বিশেষ করে শুষ্ক মৌসুমে এই দূষণের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়।এই ধরনের বাতাস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, অস্বাস্থ্যকর বাতাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু, প্রবীণ এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরা। এ ছাড়া অন্তঃসত্ত্বা নারীদেরও এই পরিবেশে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আগের দিনের তুলনায় আজ সকালে বাতাসের মান আরও খারাপ হয়েছে। এ অবস্থায় বাড়ির বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।একই সময়ে ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোরও বায়ুদূষণে নাকাল হচ্ছে। তবে এই মুহূর্তে তালিকার সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবাদীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন