জুন ১৯, ২০২৬, ১০:২৫ পিএম
মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তার কারণে দেশের উত্তরাঞ্চলের তিন বিভাগে আগামী তিন দিনে ভারী থেকে অতিভারী বর্ষণের বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আজ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার কথা জানায়। আগামী ২০ থেকে ২৩ জুনের মধ্যে দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।
উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী বৃষ্টির কারণে দেশের প্রধান নদ-নদীর পানি আকস্মিকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই চার দিনে উল্লিখিত তিন বিভাগে গড়ে প্রায় ১৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী এবং পঞ্চগড় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসব এলাকায় সাময়িকভাবে প্রায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে। একই সাথে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলাতেও সমপরিমাণ অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
টানা বৃষ্টির কারণে এসব জেলার নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এর বাইরে দেশের অন্যান্য অঞ্চলেও বিক্ষিপ্তভাবে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে যা সময় সময় আপডেট করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন