জুলাই ১৫, ২০২৬, ০৩:৪৪ পিএম
উজানে ভারী বর্ষণ অব্যাহত থাকায় রংপুর বিভাগের নদ-নদীর পানি আবারও বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। ভারতের উত্তরবঙ্গ, সিকিম এবং আসামের বিভিন্ন অংশে এখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়ার বর্তমান পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এসব অঞ্চলে নিয়মিত ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই বৃষ্টির একটি বড় অংশ তিস্তা, ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাসহ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নদ-নদীগুলোর মাধ্যমে বাংলাদেশে প্রবাহিত হবে।এর ফলে আগামী কয়েকদিনে রংপুর বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি সমতল পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর এবং গাইবান্ধা ও আশপাশের নদীতীরবর্তী এলাকাগুলোকে পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখতে বলা হয়েছে।
কোথাও কোথাও নিচু অঞ্চল, চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় পানি বৃদ্ধি পেয়ে সাময়িক প্লাবনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।যদিও এই মুহূর্তে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে না, তবে উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দ্রুত নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং পূর্বে প্লাবিত এলাকাগুলোতে পানি নামার গতি ধীর হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
তাই উত্তরাঞ্চলের নদীতীরবর্তী ও বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের আগামী কয়েকদিন বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুসরণ করার পাশাপাশি নদ-নদীর পানি বৃদ্ধির পরিস্থিতির দিকে নজর রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন