জুলাই ২৯, ২০২৬, ১০:৫২ এএম
মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও বরিশালের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, ভোর পাঁচটা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের ফলে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।চলমান মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন