বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভারী বর্ষণের পূর্বাভাস ৫ দিন বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:৪৭ এএম

ভারী বর্ষণের পূর্বাভাস ৫ দিন বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

ছবি: Ai

সক্রিয় মৌসুমি বায়ু ও ভারতের ভূখণ্ডে অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে দেশের আটটি বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার দেওয়া আবহাওয়া বার্তায় এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  টানা পাঁচ দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত চলবে।  

আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে জানানো হয়েছে, ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে দেশটির দক্ষিণ ছত্তিশগড় ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, লঘুচাপের কেন্দ্র, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত পৌঁছেছে। বায়ুমণ্ডলের এই বিন্যাসের কারণে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।  বৃষ্টির তীব্রতায় শেষ দিকে কিছুটা তাপমাত্রা কমবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস রয়েছে। পরদিন সোমবারও উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জনপদে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। 

মঙ্গলবারে রাতের পারদ সামান্য বাড়লেও বুধবার ও বৃহস্পতিবার থেকে দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে।  বুধবার থেকে দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির মাত্রা পুনরায় বাড়তে পারে। বিশেষ করে বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেটের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।