বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

২৪ ঘণ্টায় তিন জেলায় বন্যার শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:৩৭ পিএম

২৪ ঘণ্টায় তিন জেলায় বন্যার শঙ্কা

ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার কিছু এলাকায় গড়াই নদীর পানি সতর্কসীমায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে দেশের অন্য সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা এবং সংশ্লিষ্ট উজান অববাহিকায় মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী এক দিন মাঝারি থেকে মাঝারি-ভারী এবং পরবর্তী দুই দিন মাঝারি-ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টিপাতের প্রভাবে বিভিন্ন নদ-নদীর পানিপ্রবাহে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত এক দিনে ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল ছিল এবং আগামী পাঁচ দিনও এই পরিস্থিতি বজায় থাকতে পারে। যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি হ্রাস পেয়েছে, যা পরবর্তী চার দিন স্থিতিশীল থাকার পর পঞ্চম দিনে বাড়তে পারে। অন্যদিকে গড়াই নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমলেও আগামী ২৪ ঘণ্টায় ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু অংশে তা সাময়িক সতর্কসীমায় প্রবাহিত হতে পারে, যদিও পরবর্তী তিন দিন গড়াই ও মাথাভাঙা উভয় নদীর পানি সামগ্রিকভাবে কমার ধারাতেই থাকবে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমার প্রবণতা থাকলেও উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি আগামী তিন দিন অব্যাহতভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছে কেন্দ্র।