রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

শুষ্ক থাকবে সারাদেশ, কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ১১:৩৭ এএম

শুষ্ক থাকবে সারাদেশ, কমতে পারে তাপমাত্রা

তাপমাত্রা কমার আভাস

সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আগামী কয়েক দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ওই পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। রাজধানীতে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ২৩ মিনিটে।

আগামীকাল রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার কথা রয়েছে। ওই দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তাপমাত্রা কমার প্রবণতা শুরু হবে সোমবার থেকে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন বুধবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় সংস্থাটি জানিয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে।