সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৯:৪১ এএম
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ মেঘলা থাকবে এবং এর কারণে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
ঢাকাসহ সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন