অক্টোবর ২৭, ২০২৫, ১০:২১ পিএম
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের কোথাও কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে।সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অফিসের দেওয়া নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টিপাত আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে শুরু হয়ে আগামী ১ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি শুরু হতে পারে এবং পরদিন বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তীতে, বুধবার নাগাদ বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। ওইদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আগামীকাল মঙ্গলবার নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল দিয়ে অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে। এর মূল আঘাত ভারতের অন্ধ্র প্রদেশে পড়বে। তবে এর প্রভাবে এ সময় বাংলাদেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, আগামী বুধবার নাগাদ ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে পড়বে। এই দুর্বল হওয়ার পরই মূলত এর প্রভাব আমাদের দেশে পড়তে পারে। এই স্থল নিম্নচাপের প্রভাবেই দেশজুড়ে বৃষ্টি ঝরবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন