অক্টোবর ৩১, ২০২৫, ০৫:১১ পিএম
দেশের ছয়টি জেলার ওপর দিয়ে আজ রাতে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এই জেলাগুলো হলো— রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ।
শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই পূর্বাভাস আজ রাত ১টা পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে, আবহাওয়া বিশ্লেষকরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবেই বাংলাদেশের আবহাওয়া অস্থিতিশীল হয়ে উঠেছে এবং দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘মোন্থা’র অবশিষ্টাংশের প্রভাবে আজ শুক্রবার সারাদিনই দেশের বিভিন্ন বিভাগের ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, সকাল থেকেই সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। বিকেলের মধ্যে এই বৃষ্টি রংপুর ও রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিকেলের আগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকলেও সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের রাতের এই সতর্কবার্তা মূলত 'মোন্থা'র অবশিষ্টাংশের প্রভাবেই দেওয়া হয়েছে, যা উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুরসহ মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন