ডিসেম্বর ৫, ২০২৫, ১১:১০ পিএম
চাকরির পেছনে না ছুটে বর্তমানে অনেক তরুণ ও যুবক এখন কৃষি উদ্যোক্তা হওয়ার দিকে ঝুঁকছেন। তাদের মধ্যে যারা দৃঢ় সংকল্প নিয়ে এই পেশায় লেগে থাকছেন, তাদের অনেকেই সফলতা অর্জন করছেন। রাঙ্গামাটির কাপ্তাইয়ের কৃষক জয়নাল আবেদীন তাদেরই একজন, যিনি এবার নিজস্ব কৃষি জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে তাক লাগানো সফলতা অর্জন করেছেন।
এই সাফল্য সারাদেশের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের সহায়তায় ভুট্টা চাষ করেন।
উপজেলা কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রেশম বাগান ব্লকের বারঘোনিয়া তঞ্চঙ্গ্যা পাড়ায় ৩৩ শতক কৃষি জমিতে তিনি এই হাইব্রিড ভুট্টা চাষ করে সফলতা লাভ করেন।
কৃষক জয়নাল আবেদীন এই বিষয়ে জানান, চলতি বছরের বোরো মৌসুমে তিনি কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ থেকে ভুট্টার বীজ ও সার সংগ্রহ করেন। একই সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি তার নিজস্ব ৩৩ শতক কৃষি জমিতে ভুট্টার চাষ শুরু করেন। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো, তিনি একই জমিতে সাথী ফসল হিসেবে লালশাক, ফরাস শিম ও টমেটোর চাষও করেছেন। তিনি জানান, বর্তমানে তার জমিতে ভুট্টার ভালো ফলন হয়েছে এবং আশা করছেন আগামী সপ্তাহেই প্রতি পিস ভুট্টা ১৫ থেকে ২০ টাকা করে বিক্রি করতে পারবেন।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব এই বিষয়ে নিশ্চিত করে জানান, কৃষক জয়নাল আবেদীন তাদের পরামর্শে হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে সফল হয়েছেন। তিনি বলেন, পাহাড়ে ভুট্টা চাষ কম হলেও তাদের প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায় ৪টি ভুট্টা প্রদর্শনীর মধ্যে একটি কৃষক জয়নাল আবেদীনকে দেওয়া হয়েছিল। ভুট্টা চাষে তার ভালো অভিজ্ঞতা রয়েছে এবং ভুট্টার বর্তমান ফলন দেখে আশা করা যায় তিনি আর্থিকভাবে লাভবান হবেন। তার এই সফল বাগান দেখে এলাকার আরও অনেকেই এই ধরনের বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন বলে কৃষি কর্মকর্তা জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন