ডিসেম্বর ৭, ২০২৫, ১০:২১ এএম
গত বছরের বন্যা এবং এ বছর অনুকূল আবহাওয়ার কারণে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনেক বছর পর আমন ধানে অত্যধিক ফলন পাওয়ায় উপজেলার কৃষকদের মাঝে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ।
এটি যেন কৃষি সংবাদ নির্ভর বাংলার এক চিরায়ত রূপ।ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকার কৃষক আবদুল কাদের সন্তুষ্টির হাসি নিয়ে বলেন, "গত ৩০ বছরেও এইরকম ভালো ধান হইতে দেহি নাই।
এখন যদি ভালো দাম পাই, তবে আমরার কষ্টও সার্থক অইবো।"উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি এবং আধুনিক জাতের ধান আবাদ করায় ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এছাড়া গত বছর বন্যা হওয়ায় জমিতে পলি জমে জমি উর্বর হয়েছে। যার ফলে এবার ফলন ভালো হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়েও আমন আবাদ বেশি হয়েছে। এ বছর আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৪৬৫ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে ৪ হাজার ৪৬৭ হেক্টর জমিতে।উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা কেউ ধান কাটছেন, কেউ মাড়াই করছেন, আবার কেউ মাড়াই শেষে ধান ঘরে তুলছেন।
স্থানীয় কৃষকরা জানান, প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবং এ বছর ফসলে রোগবালাই কম হওয়ায় আমনের উৎপাদন খরচও তুলনামূলক কম হয়েছে। কৃষক মোবারক হোসেন বলেন, "এ বছরের মতো এত কম খরচে ধান উৎপাদন আগে কখনো হয়নি।"কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুখলেছুর রহমান বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় আমনের বাম্পার ফলন হয়েছে। এ বছর অন্যান্য জাতের তুলনায় ব্রি ধান১০৩-এর ফলন সবচেয়ে বেশি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এখন ফসল সংগ্রহ ও মাড়াইয়ের অনুকূল পরিবেশ থাকায় তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন