রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, খুশি কৃষক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ১০:০৫ এএম

মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, খুশি কৃষক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এ বছর মুড়িকাটা পেঁয়াজের ফলন হয়েছে আশানুরূপ। সেই সঙ্গে বাজারে পেঁয়াজের দাম বেশি পাওয়ায় চাষিরা প্রত্যাশার চেয়েও অধিক লাভবান হচ্ছেন। সার, বীজসহ কৃষি উপকরণের ব্যয় বৃদ্ধি পেলেও কৃষি বিভাগের সার্বক্ষণিক পরামর্শ ও সঠিক তদারকিতে কৃষকরা।

সময়মতো পরিচর্যা করায় প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এই মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শীত আসার সঙ্গে সঙ্গেই এ উপজেলার কৃষকরা মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলনের আশা করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়।চলতি মৌসুমে গোবিন্দগঞ্জ উপজেলায় মোট সাড়ে ছয় হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে।

দরবস্ত, কোচাশহর, গুমানিগঞ্জ, কামারদহ, রাজাহার, ফুলবাড়ী, তালুককানুপুর ও রাখালবুরুজ ইউনিয়নসহ পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে কৃষকরা মৌসুমী এই পেঁয়াজের আবাদ করেছিলেন।শীতের শুরুতে কৃষকরা পেঁয়াজের কাঁচাপাতা বিক্রি করলেও বর্তমানে গাছ বড় হয়ে যাওয়ায় পাতার পাশাপাশি মুড়িকাটা পেঁয়াজও বাজারজাত করছেন। চলতি মৌসুমে পেঁয়াজের উৎপাদন এবং বাজার দর দুটোই ভালো থাকায় কৃষকরা বেশি লাভবান হচ্ছেন। মৌসুমের শুরুর দিকে কাঁচাপাতাসহ প্রতি মণ পেঁয়াজ ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে পাইকারি বাজারে দাম বেড়ে প্রতি মণ ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কৃষকরা জানান, বাজারে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ চাষে ব্যয়ভার কিছুটা বেশি লেগেছে। এরপরও উৎপাদিত পেঁয়াজ ভালো দামে বিক্রি করতে পারায় তাঁরা সন্তুষ্ট।গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান আমার দেশকে বলেন, পেঁয়াজের চাষ বৃদ্ধির জন্য কৃষকদের মাঠপর্যায়ে প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠপর্যায়ে আগামীতে পেঁয়াজের চাষ আরও বৃদ্ধি করে পেঁয়াজ আমদানি নির্ভরতা কমাতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।