মো. ফরহাদ হোসেন
ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:৪৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের মানুষের জীবন ও জীবিকা অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল। বর্তমানে প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় কৃষিতে ব্যাপক পরিবর্তন ও বিপ্লব সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে ঝুঁকেছেন অধিকাংশ কৃষক।
বিশেষ করে এ বছর আগাম ভুট্টার বীজ বপনে 'হ্যান্ড পুশ সিডার যন্ত্র' বা স্থানীয় ভাষায় 'ভুট্টা বীজ বপন যন্ত্র' বেশ পরিচিতি লাভ করেছে।
এই যন্ত্রের সাহায্যে কম সময়ে ভুট্টার বীজ বপন করা যায় এবং এর জন্য অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হয় না। সবচেয়ে বড় সুবিধা হলো, যন্ত্রটি ব্যবহারের ফলে এক সারি থেকে আরেক সারির দূরত্বও ঠিক থাকে, যা কাজকে ঝামেলামুক্ত করে।
উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃষি যন্ত্র ক্রেতা তানিম ইসলাম (২২) বলেন, তিনি লেখাপড়ার পাশাপাশি বাড়তি আয়ের জন্য ইউটিউবে দেখে এই যন্ত্রটি কেনেন। তিনি জানান, এই যন্ত্র কৃষকের জনশক্তি ও সময় উভয়ই সাশ্রয় করছে।তানিম বলেন, "আগে এক বিঘা ভুট্টা বীজ বপন করতে যেখানে ৭ থেকে ১০ জন লোক লাগতো, এখন এই মেশিন দিয়ে আমি একাই দৈনিক চার থেকে পাঁচ বিঘা পর্যন্ত ভুট্টার বীজ বপন করতে পারছি।" তিনি বর্তমানে ১০০০ থেকে ১২০০ টাকা বিঘা হিসাবে কাজ করছেন এবং তাঁর কাজের চাহিদা অনেক বেড়েছে।
স্থানীয় ভুট্টাচাষি আশরাফুল ইসলাম জানান, "আগে শুধু ভুট্টা বীজ বপন করতে আমার প্রতি বিঘায় ৬-৭ জন লোক লাগতো এবং প্রায় ২০০০ টাকা খরচ হতো। কিন্তু এ বছর আমি মেশিন দিয়ে ভুট্টার বীজ বপন করেছি। এতে সময় কম লেগেছে এবং প্রতি বিঘায় প্রায় ১১০০ টাকার মতো খরচ হয়েছে।"কৃষি বিশেষজ্ঞদের মতে, হ্যান্ড পুশ সিডার-এর মতো আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে সময় সাশ্রয় করছে, যা বাংলাদেশের কৃষি চিত্রে এক নতুন বিপ্লব এনেছে।