রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:২৯ পিএম

হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন

চাঁদপুরের মতলব উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের সমারোহ। আগাম জাতের সরিষার হলুদ ফুলে ঢেকে গেছে মাঠের পর মাঠ। হিমেল হাওয়ায় দোল খাওয়া সরিষা ফুল যেন প্রকৃতিতে যোগ করেছে এক অনন্য সৌন্দর্য। আর এই দৃশ্য দেখে বাম্পার ফলনের স্বপ্ন বুনছেন স্থানীয় কৃষকরা।

বিগত কয়েক বছরে সরিষার ভালো দাম ও ভালো ফলন হওয়ায় চলতি মৌসুমে মতলবের কৃষকরা সরিষা চাষে আগের চেয়ে বেশি আগ্রহী হয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এখানে প্রায় ১ হাজার ৫৫৫ হেক্টর জমিতে বারি সরিষা-৯, ১১, ১৪ ও ১৮ এবং বিনা সরিষা-৪ ও ৯ সহ বিভিন্ন উন্নত জাতের সরিষার আবাদ করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এলাকা ও উপজেলার চরাঞ্চলে ব্যাপকভাবে সরিষার চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে কৃষকরা এবার বাম্পার ফলনের আশা করছেন।উপজেলার চানখার বিলের কান্দি গ্রামের কৃষানি আকলীমা বেগম বলেন, “সরিষা চাষে রোপণ থেকে শুরু করে তেমন বাড়তি খরচ লাগে না। সার দিলেই হয়, আলাদা করে সেচও দিতে হয় না। তাই সরিষা চাষে আমরা ভালো লাভ পাচ্ছি।”কৃষক আবুল কালাম জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর তাঁরা গতবারের চেয়েও ভালো ফলন ঘরে তুলবেন।

সরিষার ফলন ভালো হওয়ায় মধু আহরণকারীরাও খুশি। মধু চাষি দুলাল মিয়া জানান, এবার সরিষার ক্ষেত বেশি হওয়ায় মধু উৎপাদনও অনেক বাড়বে।মতলব উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী জানান, সরিষা একটি অত্যন্ত লাভজনক এবং স্বল্প খরচের ফসল। কৃষকদের আগ্রহ এবং অনুকূল আবহাওয়ার কারণে আবাদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভালো ফলন হলে কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি ভোজ্যতেলের চাহিদা পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।