রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রায়পুরের চরাঞ্চলে খিরার বাম্পার ফলন, হাসছে কৃষক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ১০:১৭ এএম

রায়পুরের চরাঞ্চলে খিরার বাম্পার ফলন, হাসছে কৃষক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতীরবর্তী চরাঞ্চলে চলতি মৌসুমে খিরার বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া আর চরের উর্বর মাটির কারণে কম খরচে অধিক লাভ হওয়ায় খিরা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। এতে বদলে যাচ্ছে চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক চিত্র, অনেকেই হয়ে উঠছেন স্বাবলম্বী।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রায়পুরের তিনটি ইউনিয়নের চরাঞ্চলে প্রায় ৫০০ হেক্টর জমিতে খিরার চাষ হয়েছে। মাঠজুড়ে সবুজের সমারোহ আর কচকচে খিরার ফলনে খুশি কৃষকেরা। ভোরে জমি থেকে খিরা সংগ্রহ করে আড়ত ও হাট-বাজারে বিক্রি করতে এখন ব্যস্ত সময় পার করছেন তাঁরা।

স্থানীয় বাজারে তো বটেই, জেলার অন্যান্য বড় বাজারগুলোতেও রায়পুরের এই খিরার ব্যাপক চাহিদা রয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মণ খিরা উৎপাদনে তাঁদের খরচ হচ্ছে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা। অথচ বর্তমানে বাজারে প্রতি মণ খিরা পাইকারি দরে বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়।

অন্য যে কোনো ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় খিরা চাষে বেশি গুরুত্ব দিচ্ছেন চরের মানুষ। কৃষকেরা জানান, ফলন ও দাম এমন থাকলে আগামী বছর খিরা চাষের পরিধি আরও বাড়ানো হবে।রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, “উপজেলায় এ বছর প্রায় ৫০০ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে।

কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ার ফলে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন। অনুকূল পরিবেশ ও বাজারমূল্য ভালো থাকায় কৃষকেরা সরাসরি লাভের মুখ দেখছেন।” সঠিক বাজার ব্যবস্থাপনা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে খিরা চাষ রায়পুরের চরাঞ্চলে অর্থনীতির নতুন দুয়ার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।