মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১০, ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সোনালি আঁশের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরে আধুনিক পাট চাষ ও বীজ উৎপাদন প্রযুক্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার নসিপুর পাটবীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ মাহফুজ বাজ্জাজ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, "বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা ও বহুমুখী ব্যবহারের কারণে পাটের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেড়ে গেছে। সোনালি আঁশের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের আধুনিক প্রযুক্তি এবং উন্নত জাতের সোনালী সোনা ও তোষা পাট চাষে আরও আগ্রহী হতে হবে।" তিনি মানসম্মত পাটবীজ উৎপাদনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় গবেষক ও বিশেষজ্ঞরা পাটের উচ্চ ফলনশীল জাত এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কীভাবে উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়ানো যায়, সে বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা দেন। মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক পাটচাষি, কৃষি গবেষক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।