মার্চ ৩০, ২০২৬, ০৯:৪২ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লটকনের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে এক কৃষকের লটকন চাষে অভাবনীয় সাফল্য এখন পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। লটকন চাষে কম খরচ ও অধিক লাভ হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শীতলাই গ্রামের কৃষক মো. রাশেদুন নবী বাবু নিজের বসতভিটার মাত্র ২৫ শতাংশ জমিতে লটকনের বাগান গড়ে তুলেছেন। বর্তমানে তার বাগানে ৩৫টি লটকন গাছ রয়েছে। বাগানটি তৈরি করতে তার ব্যয় হয়েছে মাত্র ৭ হাজার টাকা।
চলতি মৌসুমে বাগানের প্রতিটি গাছেই লটকনের প্রচুর ফলন হয়েছে। কৃষক বাবু জানান, মূলত শখের বশে লটকন বাগান শুরু করলেও এখন তা বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করেছে। তুলনামূলক কম পরিচর্যা ও স্বল্প ব্যয়ে লটকন চাষ সম্ভব বলে তিনি উল্লেখ করেন। সঠিক সময়ে সঠিক পরিচর্যা করলে লটকনের ফলন যেমন বৃদ্ধি পায়, তেমনি বাজারে এর ভালো দাম পাওয়া যায়।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, সুজালপুর ইউনিয়নে লটকন চাষের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সম্ভাবনাময়। লটকন একটি অত্যন্ত পুষ্টিকর ফল এবং বীরগঞ্জের মাটি এই চাষের জন্য বেশ উপযোগী। কৃষি বিভাগ ইতিমধ্যে রাশেদুন নবী বাবুর বাগান পরিদর্শন করেছে এবং ভালো ফলনের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছে। কৃষি কর্মকর্তাদের মতে, বাণিজ্যিকভাবে লটকন চাষ বৃদ্ধি পেলে স্থানীয় কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং এটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঘটনার পর থেকে লটকন বাগানে ফলন দেখতে ভিড় করছেন স্থানীয় অন্য কৃষকরাও। এলাকার মাটি লটকন চাষের উপযোগী হওয়ায় অনেকে ভবিষ্যতে এমন বাগান করার আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমান বাজার দর ভালো থাকলে লটকন বিক্রি করে মোটা অংকের মুনাফা অর্জনের আশা করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন