শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

উত্তম কৃষি চর্চায় বিষমুক্ত লতিরাজ কচু উৎপাদন করছেন কৃষকরা

কৃষি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৬:১৪ পিএম

উত্তম কৃষি চর্চায় বিষমুক্ত লতিরাজ কচু উৎপাদন করছেন কৃষকরা

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে শতভাগ নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে প্রদর্শনী প্লট বাস্তবায়ন করা হয়েছে। পার্টনার প্রকল্পের আওতায় উপজেলার রাধানগর ইউনিয়নের গোকুলনগর ব্লকে এই কৃষি কার্যক্রম চলছে। সম্পূর্ণ বিষমুক্ত ও মানসম্মত সবজি উৎপাদনের উদ্দেশ্যে স্থানীয় কৃষকদের নিয়ে সরাসরি এই ট্রায়াল প্লট স্থাপন করা হয়েছে।

উত্তম কৃষি চর্চা বা গ্যাপ নীতিমালা অনুসরণ করে এখানে লতিরাজ জাতের কচু চাষ করা হচ্ছে।নিরাপদ ফসল উৎপাদনের এই প্রক্রিয়ায় মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান রাখা হয়নি। 

চাষ শুরুর পূর্বেই ল্যাবরেটরিতে এই প্রদর্শনীর মাটি ও সেচযন্ত্রের পানি নিখুঁতভাবে পরীক্ষা করে নেওয়া হয়েছিল। জমিতে কোনো ধরণের ভারী ধাতুর উপস্থিতি না থাকায় এই সবজি সম্পূর্ণ স্বাস্থ্যঝুঁকিমুক্ত। ট্রায়াল প্লটে ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।ফসলের সুরক্ষায় কৃষকরা রাসায়নিকের বদলে সম্পূর্ণ পরিবেশবান্ধব জৈবিক পদ্ধতি ব্যবহার করছেন।

জমিতে ক্ষতিকর পোকা দমনের জন্য বিশেষ হলুদ ফাঁদ এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি জৈব বালাইনাশক প্রয়োগ করা হচ্ছে। রাসায়নিক সারের বিকল্প হিসেবে শুধুমাত্র মানসম্মত জৈব সার ব্যবহারের ফলে লতির ফলন ও গুণগত মান অনেক ভালো হয়েছে। প্রদর্শনীভুক্ত ২৫ জন কৃষককে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় আধুনিক উপকরণ ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফসলের মাঠ তৈরি, সেচ প্রদান এবং বালাইনাশক ছিটানোর প্রতিটি ধাপে কৃষকরা কঠোরভাবে সুরক্ষামূলক প্রোটোকল মেনে কাজ করছেন।লতিরাজ কচুর এই প্রদর্শনীটি ক্লাস্টার ডেমোনস্ট্রেশন হিসেবে বাস্তবায়ন করা হয়েছে।

গোকুলনগর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের নিরলস তদারকিতে এই আধুনিক প্রদর্শনী মাঠটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পদ্ধতিতে ফসল উৎপাদন একদিকে যেমন খাদ্যের পুষ্টি ও গুণগত মান রক্ষা করে, অন্যদিকে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা ও মাটির উর্বরতা নিশ্চিত করে। উৎপাদিত এই বিষমুক্ত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। প্রথাগত চাষাবাদের বদলে এই গ্যাপ স্ট্যান্ডার্ড দেশজুড়ে ছড়িয়ে দিতে পারলে খাদ্যে বিষক্রিয়া ও ভেজাল প্রতিরোধ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।