জুলাই ২৯, ২০২৬, ০২:৪৫ পিএম
নরসিংদীর মনোহরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষক আক্তার হোসেন লটকন চাষ করে অর্থনৈতিকভাবে তাক লাগিয়ে দিয়েছেন। একসময় তীব্র অভাব-অনটনে দিন কাটলেও বর্তমানে তিনি একজন সফল ও স্বাবলম্বী চাষি।২০০৯ সালের কথা। নিজের তিন বিঘা পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ জমিতে লটকনের চারা রোপণ করেছিলেন তিনি। দীর্ঘ তিন বছর নিয়মিত পরিচর্যা শেষে ২০১২ সাল থেকে বাণিজ্যিকভাবে লটকন বিক্রি শুরু করেন আক্তার।
গত এক যুগ ধরে প্রতিবছর লটকন বিক্রি করে গড়ে আট থেকে ১০ লাখ টাকা আয় করছেন তিনি। চলতি মৌসুমেও প্রায় ১০ লাখ টাকার লটকন বিক্রি করেছেন এই কৃষক।শুরুতে পথটা সহজ ছিল না। নানা প্রতিকূলতা পেরিয়ে কঠোর পরিশ্রমে এই সাফল্য অর্জন করেছেন তিনি। বর্তমানে লটকন চাষই তার পরিবারের প্রধান আয়ের উৎস। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার এখন বেশ সচ্ছলভাবে চলছে।
কৃষক আক্তার হোসেন জানান, লটকন চাষ শুরু করার পর থেকেই তার পরিবারের দীর্ঘদিনের অভাব দূর হয়েছে। আল্লাহর রহমতে এখন ভালোভাবেই জীবন কাটাচ্ছেন তিনি।মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার এই সাফল্যের বিষয়ে জানান, লটকন একটি সম্ভাবনাময় ফল। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করলে এতে ভালো লাভ পাওয়া সম্ভব। আক্তার হোসেনের এই উদ্যোগ ও সাফল্য এলাকার অন্য কৃষকদের জন্যও দারুণ অনুকরণীয়। কৃষি বিভাগ থেকে কৃষকদের সবসময় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন