শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

শিং মাছ চাষে লাভজনক ব্যবসা, বছরে আয় ১২ লাখ টাকা

কৃষি ডেস্ক

জুলাই ৩১, ২০২৬, ১২:১৫ পিএম

শিং মাছ চাষে লাভজনক ব্যবসা, বছরে আয় ১২ লাখ টাকা

ছবি : সংগৃহীত

দেশে শিং মাছ চাষ অত্যন্ত জনপ্রিয় ও লাভজনক হয়ে উঠছে। খেতে সুস্বাদু ও সহজপাচ্য উচ্চমানের প্রচুর আমিষ থাকায় রোগীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও এই মাছের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিং মাছ চাষের অন্যতম বড় সুবিধা হলো এটি স্বল্প জায়গায় এবং অধিক ঘনত্বে চাষ করা যায়।৫০ শতাংশ আয়তনের একটি পুকুরে বাণিজ্যিকভাবে দেশি শিং মাছ চাষ করে বছরে ১০ থেকে ১২ লাখ টাকা আয় করা সম্ভব।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা এলাকা শিং মাছের পোনার সবচেয়ে বড় ক্ষেত্র হিসেবে পরিচিত। সেখান থেকে পোনা ক্রয় করে বর্তমানে কুমিল্লা, যশোর, নরসিংদী, নোয়াখালী ও সিলেট অঞ্চলেও চাষিরা শিং মাছের সফল চাষ করছেন।মাছ চাষের সঙ্গে সম্পৃক্ত ধলার চাষিরা জানান, বর্তমান বাজারে দেড় বা দুই ইঞ্চির প্রতিটি শিং মাছের পোনার দাম তিন টাকা। কোনো জলাশয়ে ৫০ হাজার শিং মাছ চাষ করলে সাধারণত ৪৮ হাজার মাছ টিকে থাকে। ছয় মাস পর এই মাছের মোট ওজন প্রায় ১ হাজার ৯২০ কেজি হয়, যা পাইকারি বাজারে প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করা যায়।

খাদ্য, শ্রমিক ও পরিবহন বাবদ মোট চার থেকে সাড়ে চার লাখ টাকা খরচ বাদ দিয়ে এই পরিমাণ মাছ থেকে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করা সম্ভব। সাধারণ হিসাব অনুযায়ী, এক শতাংশ জায়গায় ১ হাজার শিং মাছ চাষ করা যায়।বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এইচ এম কোহিনুর জানান, শিং মাছে ফ্যাট বা তেলের পরিমাণ কম থাকে। 

তিনি বলেন, সঠিক পদ্ধতিতে পুকুর প্রস্তুত করে ছায়াযুক্ত স্থানে নিবিড় চাষাবাদ করলে মৎস্য চাষিরা সর্বাধিক মুনাফা অর্জন করতে পারবেন। পোনা মজুদের আগে প্রতি শতাংশে চুন ও ব্লিচিং পাউডার প্রয়োগ করে পুকুর জীবাণুমুক্ত করা জরুরি।নিয়মিত বিশুদ্ধ পানি সরবরাহ এবং সঠিক মাত্রায় সম্পূরক খাদ্য প্রয়োগের মাধ্যমে সাড়ে সাত মাসে শিং মাছের এই লাভজনক উৎপাদন সম্পন্ন করা সম্ভব।