সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৬:২৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নতুন জাতের হলুদ রঙের তরমুজ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন এক তরুণ কৃষক। উপজেলার আট নম্বর ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান তাঁর বিশ শতাংশ জমিতে এই ব্যতিক্রমী ফসলের আবাদ করেছেন। দৃষ্টিনন্দন ও সুমিষ্ট এই ফল চাষে তাঁর এই সাফল্য এলাকার অন্য কৃষকদের মধ্যেও নতুন করে উৎসাহ জুগিয়েছেন।
প্রতিদিন দূরদূরান্ত থেকে কৌতূহলী মানুষ ও স্থানীয় কৃষকরা এই ব্যতিক্রমী তরমুজ খেত দেখতে ভিড় জমাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সবুজ লতা ও পাতার ফাঁকে থোকা থোকা ঝুলছে আকর্ষণীয় হলুদ রঙের তরমুজ। খেতের স্বত্বাধিকারী হাবিবুর রহমান জানান, প্রতি শতকে এক গ্রাম বীজের প্রয়োজন হয় এবং সঠিক পরিচর্যা করলে একরে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ টন ফলন পাওয়া সম্ভব।
বর্তমানে স্থানীয় বাজারে এই তরমুজ প্রতি কেজি আশি টাকা দরে বিক্রি হচ্ছে এবং ফলন ও দাম দুটোই ভালো পাওয়ায় তিনি বেশ লাভবান হওয়ার আশা করছেন। অঞ্চলভিত্তিক টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রঙ্গিলা জাতের এই তরমুজ চাষ করে হাবিবুরের মতো অন্য কৃষকেরাও লাভবান হয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, ফলের সুমিষ্ট স্বাদ এবং অধিক ফলনের দিক থেকে হলুদ জাতের এই তরমুজ কৃষকদের মন জয় করেছে। কৃষকদের মাঝে এই জাতের চাষ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। আগামী দিনে এই পুষ্টিসমৃদ্ধ ফসলের চাষ আরও প্রসারিত হবে বলে তাঁরা আশাবাদী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন