রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাঘাটায় মসলা চাষের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রশিক্ষণ

মোস্তাফিজুর রহমান

অক্টোবর ২২, ২০২৫, ১০:৪৭ এএম

সাঘাটায় মসলা চাষের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রশিক্ষণ

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার সাঘাটায় “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় দুই দিনব্যাপী (মঙ্গলবার ও বুধবার) কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি বিষয়ক দিকনির্দেশনা দেন গাইবান্ধা জেলার অতিরিক্ত উপ-পরিচালক (কৃষি) কৃষিবিদ মুজাহিদ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মসলার উন্নত জাত, চাষাবাদের আধুনিক কৌশল, কীটনাশক ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি বিষয়ে বিভিন্ন তথ্য ও পরামর্শ পান।

কর্মশালার বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে স্থানীয়ভাবে মসলা উৎপাদন বাড়াতে হবে। এজন্য কৃষকদের আধুনিক প্রযুক্তি জ্ঞান অর্জন করে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে।