অক্টোবর ২৬, ২০২৫, ০৬:৫৯ পিএম
চলতি মৌসুমে ময়মনসিংহ জেলায় ২ লাখ ৬৮ হাজার ১১ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ হলেও সম্প্রতি কারেন্ট পোকার ব্যাপক আক্রমণে হাজারো কৃষক দুশ্চিন্তায় পড়েছেন। জেলার সদর উপজেলার জয়বাংলা, চরসিরতা, পরায়ণগঞ্জ ও বিদ্যাগঞ্জ সহ আশেপাশের এলাকায় এই পোকার আক্রমণে কৃষকরা বিপর্যস্ত হয়ে পড়েছেন।
ধান, সবজি ও অন্যান্য ফসলের পাতা ঝলসে যাচ্ছে এবং গাছ দুর্বল হয়ে পড়ছে, মাঠ জুড়ে পোকার দাপট দেখা যাচ্ছে। কৃষকরা জানিয়েছেন, কীটনাশক ব্যবহার করেও এই পোকা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, ফলে প্রতিদিনই ফসলের ক্ষতি বেড়েই চলেছে।
একজন স্থানীয় কৃষক জানান, তার ১০ কাঠা জমির মধ্যে তিন থেকে চার কাঠা জমির ফসলই পোকা নষ্ট করে ফেলেছে এবং ধান কেটে বাড়ি নিয়ে যেতে পারবেন কিনা তা নিয়েও তিনি সন্দিহান। কৃষকদের গুরুতর অভিযোগ, এই বিপদের সময়ে কৃষি কর্মকর্তাদের কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না।
তারা দাবি করেন, কর্মকর্তারা সরাসরি মাঠে আসেন না এবং কোনো পরামর্শ না দিয়েই চায়ের দোকানে বসে সময় কাটান। অন্যদিকে, একজন কৃষি কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আবহাওয়া অনুকূলে না থাকায় পোকামাকড়ের প্রকোপ কিছুটা বেড়েছে, তবে পরিস্থিতি ব্যাপক নয়, বরং বিক্ষিপ্ত ও সামান্য। তিনি আরও দাবি করেন, কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, প্রতিটি ব্লকে স্কট টিম গঠন করা আছে এবং তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন