রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সস্তায় ‘গুটি’ পাওয়ায় কালুখালীতে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার আবাদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৭:১২ পিএম

সস্তায় ‘গুটি’ পাওয়ায় কালুখালীতে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার আবাদ

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় চলতি মৌসুমে মুড়িকাটা পেঁয়াজ চাষে রেকর্ড সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর ১৬৬৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ রোপণ চলছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ এবং গত বছরের ১৩৭৬ হেক্টরের তুলনায় প্রায় ২৮৯ হেক্টর বেশি।

এই আবাদ থেকে মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ৩৪০ মেট্রিক টন। কৃষি কর্মকর্তারা জানান, গত বছর রোপণের জন্য ব্যবহৃত গুটি পেঁয়াজের দাম প্রতি মণ ৭ থেকে ৮ হাজার টাকা থাকলেও এ বছর তা কমে ২ হাজার থেকে ২৫০০ টাকায় নেমে আসায় কৃষকরা আবাদে বেশি আগ্রহী হয়েছেন, যা উৎপাদন খরচ কমাতে সাহায্য করবে।

উপজেলার চরাঞ্চল, বিশেষত রতনদিয়া ইউনিয়নে, এই চাষাবাদ সবচেয়ে বেশি হচ্ছে। তবে কৃষকরা জানিয়েছেন, শ্রমিক মজুরি এবং সারের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের উৎপাদন খরচ বেড়েছে। সারের সিন্ডিকেটের কারণে বেশি দামে সার কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন কেউ কেউ।

একজন কৃষক জানান, ছয় বিঘা জমিতে আবাদ করতে তার প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে এবং লাভবান হতে হলে প্রতি মণ পেঁয়াজ ২০০০ টাকার উপরে বিক্রি করতে হবে। কৃষকদের ভাষ্য, মুড়িকাটা পেঁয়াজ বেশিদিন সংরক্ষণ করা যায় না বলে তোলার পরপরই বিক্রি করে দিতে হয়, তাই ন্যায্যমূল্য না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার জানিয়েছেন, কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিতে কৃষি অফিস প্রস্তুত রয়েছে, মাঠকর্মীরা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সারের সংকট যেন না হয় সেজন্য অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। তিনি মাটির স্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে উৎসাহিত করেন। আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।