রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

একবার রোপণে ৫ বছর ধান: গাজীপুর-দিনাজপুরে পরীক্ষামূলক চাষ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৬:৫১ পিএম

একবার রোপণে ৫ বছর ধান: গাজীপুর-দিনাজপুরে পরীক্ষামূলক চাষ

নতুন করে চারা রোপণ ছাড়াই এখন একাধিকবার ধান উৎপাদন সম্ভব হচ্ছে, যা কৃষিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই বহুবর্ষজীবী ধান একবার রোপণ করলে টানা পাঁচ বছর পর্যন্ত বছরে দুইবার ফসল সংগ্রহ করা যাবে।

বর্তমানে গাজীপুর, ফরিদপুর, রাজশাহী এবং দিনাজপুরে মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই ধানের উৎপাদন চলছে। সাধারণ ধান চাষের মতোই প্রথম মৌসুমের ধাপগুলো সম্পন্ন হলেও, দ্বিতীয় মৌসুম থেকে ধানের চারা মাটির নিচে থাকা কান্ড থেকেই জন্মায়, এজন্য ধান কাটার সময় মাটির ওপর দশ সেন্টিমিটার রেখে কাটা হয়।

কৃষকরা জানাচ্ছেন, ১০৫ দিনে পরিপূর্ণ এই ধানের জাত স্থানীয় জাতের সাথে পাল্লা দিচ্ছে এবং বর্তমানে কাঠা প্রতি এক মণেরও বেশি ফলন পাওয়া যাচ্ছে। একজন কৃষক জানান, তিনি আট কাঠা জমি থেকে ১০ মণ ৩০ কেজি ধান পেয়েছেন।

এই পদ্ধতিতে প্রথমবার চাষে বিঘাপ্রতি দশ হাজার টাকা খরচ হলেও পরবর্তী মৌসুমগুলোতে তা চার হাজার টাকায় নেমে আসে। গবেষকরা বলছেন, বহুবর্ষজীবী এই ধান চাষে শ্রমব্যয় ৫৮ শতাংশ এবং উৎপাদন খরচ ৪৯ শতাংশ পর্যন্ত সাশ্রয় করা সম্ভব, যা কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক। বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি বা আইইউবিএটি জানিয়েছে, ১০৫ দিনে ফসল পাওয়ায় বছরে তিনবার এই ধান উৎপাদনের বিষয়ে এখন পরীক্ষা চলছে। চীনের ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেনজাইহু উদ্ভাবিত এই ধানটি নিয়ে আইইউবিএটির গবেষকরা উচ্চতর গবেষণা চালিয়ে যাচ্ছেন, তবে এর চাষের জন্য উঁচু জমির প্রয়োজন হয়।