বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,
শ্রমিক বিক্ষোভ

মিরপুর ১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৬, ১১:৪৩ এএম

মিরপুর ১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

ছবি: সংগৃহীত

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তারা মূল সড়কে অবস্থান নেন। এর ফলে ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়ে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।

শ্রমিকদের আকস্মিক অবস্থানে স্থবির হয়ে পড়ে মিরপুর।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে নেমে আসেন। তবে বিক্ষোভকারীরা ঠিক কোন কোন কারখানার শ্রমিক, তাৎক্ষণিকভাবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি এই কর্মকর্তা।

এদিকে মিরপুর ট্রাফিক বিভাগ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় জানিয়েছে, পোশাক কারখানার কর্মীদের এই আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এবং এর সংলগ্ন সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা মাঠে কাজ করছেন।