নভেম্বর ১৫, ২০২৫, ০৮:৩৪ পিএম
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই শ্লোগান এবং “পারস্পারিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আটোয়ারী উপজেলা শাখার চেয়ারম্যান মু. বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন।
সভায় কাল্ব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। শ্লোগান ও প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ মামুন কবির এবং কাল্ব আটোয়ারী উপজেলার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান পইম উদ্দীন আহম্মেদ।
বক্তারা বলেন, শিক্ষকদের ভাগ্যোন্নয়ন এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সমবায়ের কোনো বিকল্প নেই। তাঁরা সমবায় আন্দোলনের মাধ্যমে নিজেদের জীবনযাত্রার মান উন্নয়নে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।সভার শুরুতেই উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি আতাউর রহমান বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয় এবং কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও ট্রেজারার আবু সালেক মোঃ কামরুজ্জামান।এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে কাল্ব এর ঠাকুরগাঁও জেলা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান সহ পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা ক্রেডিট ইউনিয়ন (টিসিইউ) এর চেয়ারম্যান ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সভায় শিক্ষকদের লটারী অনুষ্ঠিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন