রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৩:১২ পিএম

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় অবস্থিত একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফিনিক্স কারখানায় হঠাৎ আগুন লাগার সঙ্গে সঙ্গেই কারখানার আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিভানোর কাজে নিয়োজিত রয়েছে। ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম ঘটনাস্থলে উপস্থিত থেকে জানিয়েছেন, আগুন নিভানোর কাজ চলছে। তবে প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।অন্যদিকে, রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানিয়েছেন, উপপরিচালকের নির্দেশনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, কারখানার যন্ত্রপাতি বা সেখানে সংরক্ষিত তেলের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।কারখানার মালিকপক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবেন এবং এরপরেই ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ প্রকাশ করা হবে। আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের মানুষদেরও সতর্কভাবে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।