বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পুলিশের ওপর হামলা চললে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে : ডিএমপি কমিশনার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০১:৪১ পিএম

পুলিশের ওপর হামলা চললে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে : ডিএমপি কমিশনার

পুলিশের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, "পুলিশের ওপর হামলা বাড়তে থাকলে পরিস্থিতির খেসারত জনগণকেই দিতে হবে। এভাবে চলতে থাকলে একসময় নিজের ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে।"

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে দুর্বৃত্তদের ছোড়া তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। পুলিশ এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত হামলা হিসেবে দেখছে।

ডিএমপি কমিশনার বলেন, "ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। আমি দুর্বৃত্তায়ন না করার অনুরোধ জানাই। কারণ এতে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবেন।"

নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপের মতো নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন, "নাশকতা করলে গুলি করার ক্ষমতা পুলিশ আইনে আছে। ককটেল মেরে নাশকতা সৃষ্টি করা হলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেওয়া আছে।"

পুলিশের ওপর হামলার ঘটনাগুলো রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য করছে বলে জানান তিনি।