রবিউল এহ্সান রিপন
নভেম্বর ২৩, ২০২৫, ০৩:২৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে দলের দুঃসময়ে কাজ করেও সঠিক মূল্যায়ন না পাওয়ায় অবশেষে দল থেকে পদত্যাগ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা। তবে চমকপ্রদভাবে, দল থেকে নিজেকে 'পবিত্র' ও 'পাপমুক্ত' করতে তিনি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেন।
পদত্যাগকারী ওই নেতার নাম মোহাম্মদ তুষার আলী। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ি বাজারে নিজ দোকানের সামনে জনসম্মুখে দুধ দিয়ে গোসলের পর তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মো. তুষার আলী বলেন, "আমি দলের দুঃসময়ে দিনের পর দিন কষ্ট করেছি এবং বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি। কিন্তু বর্তমান সময়ে এসে দেখলাম, আমার এই ত্যাগ ও কষ্টের কোনো মূল্য নেই এবং আমাকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। এই অবমূল্যায়ন আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।"তিনি আরও বলেন, "আমার মনে হলো, এতদিনের রাজনীতিতে হয়তো কোনো পাপ জমেছে।
তাই আমি বিএনপির এই রাজনীতি থেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে নিজেকে মুক্ত করলাম এবং পদত্যাগ করলাম।"এ বিষয়ে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম জানান, তুষার আলী তাদের সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়ে তিনি এখনও বিস্তারিত জানেন না এবং তার সাথে কথা বলে পরে জানাতে পারবেন।