শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

‍‍`দেশ আওয়ামী স্টাইলে আর নির্বাচন হতে দেওয়া হবে না

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০৭:৩৩ পিএম

‍‍`দেশ আওয়ামী স্টাইলে আর নির্বাচন হতে দেওয়া হবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন কায়েম করতে চায়। তিনি হুশিয়ারি দেন, এই দেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি অভিযোগ করেন, স্বাধীনতার পর দেশ শাসন করা দলগুলোর মধ্যে একটি দেশ ছেড়ে পালিয়ে গেছে, আরেকটি দল নয় বছর ভোট ছাড়া ক্ষমতায় থেকেছে, আর তৃতীয় দলটি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশে দুর্নীতি-দুঃশাসন, দলীয় সংঘর্ষ ও চাঁদাবাজির কারণে একটি দলের নিজেদের মধ্যে সংঘর্ষে দুইশত লোক নিহত হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, যাদের হাতে নিজেদের কর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদে থাকবে না।মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন—কোনো দলের নয়। এতে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে। তিনি বলেন, এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া হবে। তিনি নারীদের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করে বলেন, নারীরা সুশৃঙ্খল পরিবেশে দেশের যেকোনো স্থানে কাজ করতে পারবে।তিনি দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান।সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী।

তিনি নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান, শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে গাবতলী ও শাজাহানপুর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।