শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নরসিংদীতে তুলা গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৫:১৫ পিএম

নরসিংদীতে তুলা গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নরসিংদীর শীলমান্দিতে একটি তুলা ও সুতার গোডাউনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দীর্ঘ ১৫ ঘণ্টা চেষ্টার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।

পরে আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।কারখানা ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে কারখানার একটি তুলার গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখতে পায় শ্রমিকরা।

তুলা ও সুতা থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং মুহূর্তের মধ্যেই তা গোডাউনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসসহ নারায়ণগঞ্জের একটি টিমসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজুমুজ্জামান জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে আমাদের ৮টি ইউনিটের চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, কারখানায় থাকা দুটি গোডাউনে সুতা এবং একটি গোডাউনে তুলায় আগুন লাগার কারণে বাতাসের মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।সরেজমিনে দেখা যায়, আগুনের তীব্রতায় প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই মিলের সুতার গোডাউনের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন। এই আগুনে শ্রমিকদের একটি আবাসস্থল ও মিলের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজুমুজ্জামান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ তদন্তের পরে বলা যাবে।